যুদ্ধ ব্যয় বেড়ে যাওয়ায় সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণ বাড়িয়েছে রাশিয়া। ২০২৩ সালে প্রতিরক্ষা খাতের বাজেট বাড়িয়ে এখন ১ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি নির্ধারণ করেছে ভ্লাদিমির পুতিন প্রশাসন, যা দেশটির মোট বাজেটের এক-তৃতীয়াংশ। সরকারি নথি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

রাশিয়ার যুদ্ধ ব্যয় বাড়ানোর এ খবর এমন এক সময় প্রকাশ্যে এল, যখন দেশটি খাতওয়ারি ব্যয় বিবরণ প্রকাশ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে যুদ্ধ ব্যয় বেড়ে যাওয়ায় মস্কোর আর্থিক ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি হয়েছে। 

শুধু ২০২৩ সালের প্রথমার্ধেই রাশিয়া প্রতিরক্ষা খাতে ১২ শতাংশ বা ৬০ কোটি রুবল ব্যয় করেছে। অথচ গোটা ২০২৩ সালের জন্য সামরিক বাজেট ৪ দশমিক ৯৮ ট্রিলিয়ন রুবল বা ৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার ধরা হয়েছিল।

নথির তথ্যানুযায়ী, ২০২৩ সালের প্রথম ছয় মাসে শুধু প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ ছিল ৫ দশমিক ৫৯ ট্রিলিয়ন রুবল। যা এ সময়ের মোট ব্যয়ের ১৪ দশমিক ৯৭ ট্রিলিয়ন রুবলের ৩৭ দশমিক ৩ শতাংশ। রাশিয়ার বাজেট পরিকল্পনায় ‘‌জাতীয় প্রতিরক্ষা’ খাতে মোট তহবিলের ১৭ দশমিক ১ শতাংশ বরাদ্দ রেখেছে।

রাশিয়ার সরকার ও অর্থ মন্ত্রণালয় প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ নিয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি। ক্রমবর্ধমান যুদ্ধ ব্যয়ের পাশাপাশি এ বছর রাশিয়া পরিমিত অর্থনৈতিক পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে। তবে রফতানি আয় কমে যাওয়ায় বাজেটকে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলারের ঘাটতির দিকে ঠেলে দিয়েছে।

প্রতিরক্ষা খাতে উচ্চব্যয় ও মস্কো ইউক্রেনে ‘‌‌বিশেষ সামরিক অভিযানে’ ব্যস্ত থাকায় বাজেট ঘাটতি আরো বাড়তে পারে। বিশেষ করে এ উৎপাদন বৃদ্ধি অন্যান্য খাতকে গ্রাস করে নিতে পারে এবং ব্যক্তিগত বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা রয়েছে।

নথি বিশ্লেষণ করে রয়টার্স বলছে, প্রথম ছয় মাসে রাশিয়া ২০২৩ সালের সামগ্রিক বাজেটের ১৯ দশমিক ২ শতাংশ ব্যয় করেছে প্রতিরক্ষা খাতে।

সর্বশেষ উন্মুক্ত সরকারি তথ্যে দেখানো হয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মস্কো সামরিক বাহিনীর পেছনে ২ ট্রিলিয়ন রুবল ব্যয় করেছে। এ বছরের প্রথমার্ধের বাজেট ব্যয় ২০২২ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ ট্রিলিয়ন রুবল বেশি। নথি অনুযায়ী, এ বাড়তি ব্যয় হওয়া অর্থের ৯৭ দশমিক ১ শতাংশই খরচ করা হয়েছে প্রতিরক্ষা খাতের পেছনে।

নথিতে বার্ষিক ৯ দশমিক ৭ ট্রিলিয়ন রুবল প্রতিরক্ষা ব্যয়ের নতুন পূর্বাভাস দেয়া হয়েছে। যা মোট ২৯ দশমিক  শূন্য ৫ ট্রিলিয়ন রুবেল ব্যয় লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশ। সামরিক খাতে এ পরিমাণ অর্থ ব্যয় দেশটির এক দশকের মধ্যে সর্বোচ্চ। ২০১১-২০২২ সালের মধ্যে রাশিয়া তার বাজেটের সর্বনিম্ন ১৩ দশমিক ৯ ও সর্বোচ্চ ২৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে। নথিতে দেখা গেছে, রাশিয়া এরই মধ্যে তার নতুন বার্ষিক প্রতিরক্ষা বাজেটের ৫৭ দশমিক ৪ শতাংশ খরচ করে ফেলেছে।