অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর জাবালিয়ায় ওল্ড গাজা স্ট্রিটের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ১৩ জন শিশু ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফা। স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) ভোরের আগে হামলায় নিহতের এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
জাবালিয়া গাজার উত্তরের তিনটি শহরের একটি, যা এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। আজ ভোরের ঘটনার একদিন আগেই গাজা উপত্যকায় ৪৪ জন ফিলিস্তিনি এবং লেবাননে ৩১ জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে যে, ৩৩ জন নিহত হওয়া ছাড়াও বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে এখনো নিখোঁজ। স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষ ভিড় করে ছিল আলৌশ পরিবারের বাড়িতে। ইসরায়েলি বোমা হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানান হয়।
আহতদের ব্যাপ্টিস্ট হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াফা।
এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি বিষয়ক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের কার্যক্রম স্থগিত করেছে কাতার। দেশটির কর্মকর্তারা গতকাল শনিবার (৯ নভেম্বর) এ কথা জানিয়েছেন। দেশটি বলেছে, ইসরায়েল ও হামাস আলোচনা করতে ইচ্ছুক হলেই কাতার আবার তার ভূমিকা পালন করবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাতার ১০ দিন আগে চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার সময় উভয় পক্ষকে জানিয়েছিল, ঐ রাউন্ডে কোনো চুক্তি না হলে তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের প্রচেষ্টা স্থগিত করবে। উভয় পক্ষ এই নির্মম যুদ্ধ শেষ করার ইচ্ছা এবং আন্তরিকতা দেখালে কাতার আবার মধ্যস্থতাকারীর ভূমিকা শুরু করবে।










