একুয়েডরে গত আগস্টে প্রেসিডেন্ট প্রার্থী
ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ছয়জনকে
কারাগারে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো
হয়, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এমন হত্যাকাণ্ড রহস্যের সৃষ্টি করেছে।
গতকাল একুয়েডরের অ্যাটর্নি জেনারেল
এক বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। তবে কারা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
একুয়েডরের বিদায়ী প্রেসিডেন্ট গুইলেরমো
লাসো হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এ ঘটনার
যথাযথ তদন্তের ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিও
দুর্নীতিবিরোধী হিসেবে পরিচিতি লাভ করেন। সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এক প্রচরণা অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর সেখান থেকে ছয়
কলম্বিয়ান নাগরিককে গ্রেফতার করে ইকুয়েডর পুলিশ। এছাড়া আরেক সন্দেহভাজন ওইদিন পুলিশের
গুলিতে প্রাণ হারান।
একুয়েডরের নির্বাচনে দ্বিতীয় রাউন্ডে
রান অফ ভোটের জন্য ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনের আরেক প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল
নোবোয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, সরকারকে অবশ্যই এ ঘটনার বিস্তারিত জানাতে হবে
এবং দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে।










