লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের তিনটি রাজ্যে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রিও ডি জেনিরোতে পরিচালিত সবশেষ অভিযানে মারা গেছেন অন্তত ১০ জন। পুলিশের দাবি, তারা পাল্টা গুলি চালালে এই প্রাণহানি ঘটে। তবে অধিকার সংগঠনগুলো ব্রাজিলিয়ান পুলিশের এই অভিযানকে ‘প্রতিশোধমূলক’ বলে অভিযোগ করেছে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সাও পাওলোতে পুলিশের পাঁচ দিনব্যাপী অভিযানে ১৬ জনের মৃত্যু হয়। তার আগে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ায় গত শুক্রবার থেকে সন্দেহভাজন ১৯ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ বলেছে, তারা কমপ্লেক্সো দা পেনহা এলাকায় গুলিবর্ষণের শিকার হলে পাল্টা গুলি চালায় এবং এতে কমপক্ষে ১০ জন নিহত হন। এর আগে অপারেশন শিল্ড নামে অভিহিত করা একটি অভিযান চালানো হয় সাও পাওলো প্রদেশে। পাঁচ দিনের সেই অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬ জন মারা যান। সাও পাওলো প্রদেশে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেফতারও করা হয়। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার কর্মকর্তারা বলছেন, গত শুক্রবার থেকে সেখানে ১৯ জন সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গুয়ারুজায় চালানো পুলিশের অভিযানে আসলে ‘একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ নেয়ার স্পষ্ট লক্ষণ’ রয়েছে। অন্যদিকে স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রিও ডি জেনেরিওতে বুধবার নিহত ১০ জনের মধ্যে একজন মাদক পাচারকারী এবং একজন পাচারকারী রয়েছেন। অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। 

রিও ডি জেনেরিওর মিলিটারি পুলিশের মতে, মাদক পাচার চক্রের নেতাদের বৈঠকের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর কমপ্লেক্সো দা পেনহা-তে অভিযান শুরু করা হয়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় মিডিয়াকে বলেছেন, তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন এবং ভারী অস্ত্রধারী গ্যাং সদস্যদের ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।