ইসরায়েল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ঘটনায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে ত্রিপোলিতে। ওই বৈঠকের প্রতিক্রিয়ায় গতকাল রোববার (২৭ আগস্ট) লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে পদ থেকে সরিয়ে দেয়া হয়। খবর রয়টার্স।

বরখাস্ত নাজলার বিরুদ্ধে তদন্তের ঘোষণাও দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দ্বীবেহ।

ফিলিস্তিনে দখলদারিকে কেন্দ্র করে লিবিয়া ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক নেই। গত সপ্তাহে ইতালিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করেন নাজলা। এতে ক্ষুব্ধ হয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। পরে নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেন আব্দুল হামিদ দ্বীবেহ।

বৈঠক নিয়ে ইসরায়েলের বিবৃতি বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

এ বৈঠক ভালোভাবে নেয়নি লিবিয়ার জনগণও। গতকাল রাজধানী ত্রিপোলির বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা গেছে। রাস্তায় অবরোধ করে ও টায়ারে আগুন ধরিয়ে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন তরুণরা। তাদের একটি অংশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে।