ভয়াবহ বন্যায় লিবিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যা
২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজ রয়েছে দশ হাজারেরও বেশি মানুষ। প্রায় ৩০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।
বন্যায় এক সপ্তাহ কেটে গেলেও এখনো অনেক মৃতদেহ সমুদ্রের পানিতে ভেসে আসছে। খবর বিবিসির।
গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাব সৃষ্ট বৃষ্টি ও বন্যার
তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনার
ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
বিবিসির প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরে পানিতে ধ্বংসপ্রাপ্ত গাড়ি, টায়ার, ভাঙা কাঠ, গৃহস্থালির
সরঞ্জাম, ফ্রিজ ভাসতে দেখা যাচ্ছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে । একটি তুর্কি উদ্ধারকারী
দল গত ৫ দিন ধরে এখানে আছে । তারা ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ধ্বংসাবশেষের মধ্যে আটকে
পড়া মৃতদেহের সন্ধান চালাচ্ছে।
উদ্ধারকারীরা জানান, আজ সকালে তারা এই এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার
করেছেন। সেখানকার একজন কবরস্থানের কর্মী জানান,
দারনা শহরের উপকণ্ঠে একটি গণকবরে প্রায় ৩ হাজার মরদেহ দাফন করা হয়েছে।
জাতিসংঘ বলেছে, লিবিয়ায় ভয়াবহ বন্যার কারণে এ পর্যন্ত এক হাজারেরও
বেশি লোককে এভাবে সমাহিত করা হয়েছে।










