নাইজারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কঠোর অবস্থানে পশ্চিম আফ্রিকার নেতারা। জান্তার হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে সামরিক বাহিনীকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন তারা। স্থানীয় সময় রোববার নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৈঠকে বসেন পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠন ইকোওয়াসের নেতারা। বৈঠক শেষে তারা এ আল্টিমেটাম দিয়েছে। খবর বিবিসি।

গণমাধ্যমটি বলছে, নাইজারে চলমান অচলাবস্থা নিরসনে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠন ইকোওয়াস জানায়, অভ্যুত্থানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ তাদের। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপে বল প্রয়োগ থাকতে পারে। পরিকল্পনা অনুযায়ী সামরিক নেতারা দ্রুত বৈঠকে বসছেন।

এদিকে নাইজারের ফরাসি দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অভ্যুত্থানপক্ষের লোকজন। জানালার কাঁচ ও দরজা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘদিন নাইজার শাসন করেছে ফ্রান্স। সাবেক এই ঔপনিবেশিক শক্তিটি অভ্যুত্থানের কোনো নেতাকে স্বীকৃতি না দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে।