মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ছয় শিশু ও পাঁচ নারীসহ ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াফা। এছাড়া, গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) উত্তর গাজার বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ান হাসপাতালকে ইসরায়েলি বিমান বাহিনী হামলার লক্ষ্যবস্তু করেছে। সেখানে কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে একাধিক বিমান হামলায় অবরুদ্ধ অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। খবর আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে যে, কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে ইসরায়েলি ট্যাংক ও ড্রোন যেকোনো নড়াচড়া করা বস্তুতেই গুলি চালাচ্ছে। সেটা হাসপাতালের ভেতরে হোক বা আশপাশে।
গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হত্যাযজ্ঞে এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৬১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা অন্তত ১ লাখ ৫ হাজার ৮৩৪।
এছাড়া, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪ হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন।










