যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বর্ণবাদী হামলায় তিনজন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। ২০ বছর বয়সী শেতাঙ্গ ওই বন্দুকধারী জাতিগত বিদ্বেষ থেকে এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ-পূর্বে অবস্থিত এ অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করে কালোদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়। পরে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করেন। খবর বিবিসি।
স্থানীয় শেরিফ টি কে ওয়াটার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীর হামলায় দুজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়েছেন। হামলাকারী শরীরের বর্ম পরিধান করেছিল এবং একটি ম্যানিফেস্টো বহন করছিলেন।
এখনো হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। মেয়র ডোনা ডিগান বলেছেন, এটি বর্ণবাদী বিদ্বেষ থেকে করা একটি ‘ঘৃণিত অপরাধ’।
তিনি পিতা-মাতার সঙ্গে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন। নিজেকে নিঃসঙ্গ মনে করতেন ও আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
শেরিফ ওয়াটার্স বলেছেন, হামলাকারী তার উদ্দেশ্য সম্পর্কে বেশ কয়েকটি বার্তা রেখে গেছে। একটি তার পিতা-মাতার কাছে এবং অন্যটি গণমাধ্যমের কাছে। বন্দুকধারী একটি হালকা ওজনের সেমি-স্বয়ংক্রিয় রাইফেল ও একটি হ্যান্ডগান বহন করেছিল। তার মধ্যে অন্তত একটি বন্দুকে নাৎসিদের স্বস্তিক চিহ্ন আঁকা ছিল।
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, বন্দুকধারী বর্ণের ভিত্তিতে লোকজনকে টার্গেট করেছে। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, ভয়ংকর ও ভয়াবহ হামলা।
বন্দুক ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত ভাষণ ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের ৬০তম বার্ষিকীর সময়ে জ্যাকসনভিলে আক্রমণের ঘটনাটি ঘটল।










