মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। ভারি বৃষ্টিপাতে তিনজন মারা গেছে ও প্রায় ৫৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে এমনটাই বলেছেন। খবর রয়টার্স।

টানা বন্যায় সড়ক, জ্বালানি অবকাঠামোসহ শতাধিক ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারে হেলিকপ্টার, নৌযান ব্যবহার করছে জরুরি বিভাগের কর্মীরা। অনেক জায়গায় রাস্তা, সেতু ও শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে স্লোভেনিয়ার সেনাবাহিনী ত্রাণ প্রচেষ্টায় যোগ দিয়েছে। জরুরি সাহায্য নিয়ে দেশটির বিচ্ছিন্ন উত্তরের এলাকায় তারা পৌঁছে গেছে। 

২০ লাখ জনসংখ্যার মধ্য ইউরোপের এ ছোট্ট আলপাইন দেশটিতে দুই-তৃতীয়াংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভাব্য বজ্রপাতে ক্রাঞ্জের কাছে দুই ডাচ পর্বতারোহী মারা যান ও কামনিক শহরে বন্যায় এক মহিলা মারা যান। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ ক্ষয়ক্ষতিকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। 

স্লোভেনিয়ার প্রতিবেশী অস্ট্রিয়ায়ও শনিবার আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। অস্ট্রিয়া সীমান্তের নিকটবর্তী দ্রাভোগ্রাদে দ্রাভা, মেজ ও মিসলিনজে নদীর সঙ্গমস্থলের নিকটবর্তী ভূমিধস প্রবণ এলাকা থেকে পর্যটকসহ ১১০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণ ক্যারিন্থিয়া প্রদেশের প্রায় ৮০ বাসিন্দাকে সাময়িকভাবে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে।