নেপালের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে বেইজিং। চীন সফররত নেপালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সঙ্গে বৈঠকে নিজ দেশের এমন আগ্রহের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত শনিবার দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর দ্য কাঠমাণ্ডু পোস্ট।
শি জিনপিং জানান, তার দেশ উন্নয়ন কৌশল নিয়ে নেপালের সঙ্গে জোরালোভাবে কাজ ইচ্ছুক। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি কাঠমান্ডুর প্রতিশ্রুতি ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে পুষ্প কমল দহলের সরকারের সমর্থনের প্রশংসা করেন তিনি।
চীনের প্রেসিডেন্ট বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনি তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এটি আপনার প্রথম চীন সফর। আমি নিশ্চিত যে এ সফর ফলপ্রসূ হবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন প্রেরণা জোগাবে।’
শি জিনপিং বলেন, ‘দুই দেশের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নেপালের সঙ্গে উন্নয়ন কৌশল সমন্বয় জোরদার করা, বিভিন্ন ক্ষেত্রে প্রায়োগিক সহযোগিতা জোরালো করা এবং শাসন অভিজ্ঞতা বিনিময় বাড়াতে আগ্রহী বেইজিং।’ চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এক সপ্তাহের সফরে গত শুক্রবার ভোরে দেশটিতে পৌঁছান পুষ্প কমল দহল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন নেপালের প্রধানমন্ত্রী।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেপাল ও চীন ভালো বন্ধু, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বিশ্বস্ত অংশীদার হিসাবে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে। প্রধানমন্ত্রীর এ সফর বহু পুরনো দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে। এটি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে সহযোগিতার ক্ষেত্রগুলোকে প্রসারিত করবে।’
২৩-৩০ সেপ্টেম্বরের এ সফরে চীনের কৃষি ও শিল্প অগ্রগতি পর্যবেক্ষণ করতে চংকিং পৌরসভায় যাবেন নেপালি প্রধানমন্ত্রী। এছাড়া তিব্বতের লাসা শহরেও যাবেন তিনি।










