মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের প্রধান সফটওয়্যার ডেভেলপার ডেনিস অস্টিন মারা গেছেন। গত ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অল্টোসে নিজ বাড়িতে মারা যান তিনি। ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

এই তথ্যপ্রযুক্তি বিশষজ্ঞ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে মাইকেল অস্টিন।

বর্তমানে সারা বিশ্বে প্রতিদিন ৩০ লাখেরও বেশি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। যদিও ডেনিস অস্টিনের তৈরি এ প্রযুক্তি নিয়ে সমালোচনা রয়েছে। অনেকেই পাওয়ারপয়েন্ট ব্যবহার করাকে সমর্থন করেন না। ২০১১ সালে স্টিভ জবস বলেছিলেন, মানুষ চিন্তার প্রসারতা বাদ দিয়ে যেভাবে প্রেজেন্টেশন প্রস্তুত করছে তা আমি পছন্দ করতে পারছি না।

তবে সমালোচনার জবাবে অস্টিন বলেছিলেন, অধিকাংশ মানুষই কম্পিউটার ব্যবহার করতে পারলেও তারা গ্রাফিকস সফটওয়্যার ব্যবহার করতে পারেন না। ফলে তাদের সেরা প্রেজেন্টেশনের জন্য এ ধরনের প্রযুক্তির প্রয়োজন রয়েছে।