ইউক্রেনের ড্রোন হামলায় ড্রোন হামলায় কেঁপে উঠলো রুশ বিমানবন্দর। এতে অন্তত চারটি রাশিয়ান সামরিক কার্গো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পেসকভের একটি বিমানবন্দরে এ হামলা চালানো হয়। খবর বিবিসি।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে বলেছে, বুধবার ভোরে চারটি ইলিউশিন-৭৬ কার্গো বিমান ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো দীর্ঘ দিন ধরে রাশিয়ান সামরিক বাহিনীর কাজে ব্যবহার হতো।
আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রামে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় স্কোভের বিমানবন্দরটিতে ড্রোন হামলা প্রতিহত করছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে, অগ্নিকাণ্ডে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়াচ্ছে।
স্থানীয়রা বলেছেন, বিমানবন্দর ও আশপাশে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। পেসকভ শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত।
এ ঘটনায় ভনুকোভো বিমানবন্দর বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। একাধিক সূত্র জানিয়েছে, ১০ থেকে ২০টি ড্রোন পেসকভ বিমানবন্দরের ঘাঁটিতে আক্রমণ চালায়। এ সময় রুশ সেনারা ছোট ছোট অস্ত্র ব্যবহার করে ড্রোন প্রতিহতের চেষ্টা করছিল। ইউক্রেন সর্বশেষ হামলার সঙ্গে জড়িত কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।










