কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ফলে হে রিভার শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে গ্রেট স্লেভ লেকের প্রায় চার হাজার লোকের একটি সম্প্রদায়ও ছিল। খবর রয়টার্স।

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলের সরকার প্রয়োজনীয় কর্মীসহ শহরের প্রত্যেককে হে রিভার মেরলিন কার্টার বিমানবন্দরে যেতে এবং পরবর্তী নির্দেশনার জন্য সেখানে অপেক্ষা করতে নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে আঞ্চলিক সরকারের পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বলা হয়, যারা নির্দেশনা পাওয়ার পরও হে রিভার এলাকায় অবস্থান করবে, তাদের ঝুঁকি নিজেদেরই বহন করতে হবে। তারা সরকারি জরুরি পরিষেবা ও দায়িত্বের আওতায় থাকবে না।

সম্প্রতি ইতিহাসের সবচেয়ে খারাপ দাবানল মৌসুমের মুখোমুখি হচ্ছে কানাডা। গত সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজধানী ইয়লোনাইফের ৫০ হাজারের বেশি লোক বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পরবর্তী এক ঘোষণায় সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক সম্প্রদায়ের মেইল ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।