ফিলিস্তিনের অর্থনীতি ও দখলকৃত অঞ্চলের ওপর থেকে ইসরায়েলকে বিধিনিষেধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অঞ্চলটিতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে আইএমএফ জানিয়েছে, ক্রমাগত নিরাপত্তা ও সামাজিক ব্যবস্থার অবনতিতে ফিলিস্তিনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি হারাচ্ছে। ফলে মাথাপিছু আয় আরো কমার ঝুঁকি রয়েছে। দেশটির এমন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে আইএমএফ।
সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইএমএফ জানায়, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় রাজস্বের ট্যাক্স আটকে রাখছে ইসরায়েল। পাশাপাশি ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও দুর্বল। অর্থনৈতিক অগ্রগতির জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সমন্বয় প্রয়োজন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কভিড মহামারীর পর ২০২১ সালে ফিলিস্তিনের প্রবৃদ্ধি কিছুটা পুনরুজ্জীবিত হয়েছিল। তবে ২০২২ সালে তা ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসে। ২০২৩ সালে ৩ শতাংশে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
২০০৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ইসরায়েলের হাতে অবরুদ্ধ। ফলে অধিকৃত গাজা এবং পশ্চিম তীরের জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার ওপর নির্ভরশীল। ইসরায়েলের দমন-পীড়নে চরম মানবিক সংকটের মুখে রয়েছে অঞ্চলটির ফিলিস্তিনি সম্প্রদায়।










