বয়স ২৫ হওয়ার আগেই বিয়ে করলে চীনা তরুণীদের নগদ অর্থ পুরস্কার দেবে চীনের ঝেজিয়াং প্রদেশের চ্যাংশান কাউন্টি অফিস। দেশটিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যেতে থাকায় শিশু জন্মদানে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনা দেয়ার এ সিদ্ধান্ত সংশ্লিষ্টরা। সেই প্রণোদনার একটি রূপ হলো এই নগদ অর্থ পুরস্কার। খবর দ্যা গার্ডিয়ান

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাংশান কাউন্টির যেসব তরুণী ২৫ বছর হওয়ার আগেই বিয়ে করবেন, তাদের চীনা মুদ্রায় ১০০০ ইউয়ান নগদ পুরস্কার দেয়া হবে। চ্যাংশান কাউন্টি অফিস এরই মধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

চ্যাংশান কাউন্টির নিজস্ব উইচ্যাট অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান গ্রহণ করাকে উৎসাহিত করতে এই পুরস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের এরই মধ্যে সন্তান রয়েছে, তাদেরও প্রণোদনা দেয়া হবে। 

চীন সরকারের দেয়া তথ্যানুসারে, দেশটিতে ১৯৮৬ সালের পর সবচেয়ে কম বিয়ে হয়েছে ২০২২ সালে। সে বছর চীনে মাত্র ৬৮ লাখ বিয়ে হয়েছে, যা আগের বছর, অর্থাৎ ২০২১ সালের তুলনায় ৮ লাখ কম। বিয়ে কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারের ওপরও। ২০২২ সালে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম, ১ দশমিক ০৯ শতাংশ।

চীনের আইন অনুসারে ছেলেরা ২২ এবং নারীদের ক্ষেত্র ২০ বছর হলেই বিয়ে করতে পারবেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশটিতে বিয়ের প্রবণতা ক্রমেই কমছে, যার ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না।