ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি লেবাননে পুনরায় হামলা শুরু করে, তবে ‘আরো কঠোর’ আক্রমণ চালানো হবে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।
খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ লেবানন ও দাহিয়েহ এলাকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনী এ প্রতিক্রিয়া জানিয়েছে।
ইরানের এ বিবৃতির পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের বিরুদ্ধে তারা দীর্ঘ সময় বা ‘যতদিন প্রয়োজন’ ততদিন বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
-খবর আল জাজিরা










