দক্ষিণ কোরিয়ার কাছে ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান
বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর)
এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সরঞ্জামের মূল্য ৫০০ কোটি ডলার। খবর
আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের
দেয়া তথ্য মতে, ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের বিষয়টি কংগ্রেসকে অবহিত করা
হয়েছে।
কোরীয় উপদ্বীপে দুই কোরিয়ার প্রতিদ্বন্দ্বিতার
মাঝে সিউলে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। এ সমর্থন সামরিক সহযোগিতা পর্যন্ত বিস্তৃত। এ
নিয়ে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে চলমান উত্তেজনা নতুন রূপ লাভ করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই যুদ্ধবিমান
আঞ্চলিক আগ্রাসন থেকে সুরক্ষা নিশ্চিতে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করবে ও যুক্তরাষ্ট্রের
সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করবে।
নতুন এ জেট আকাশে সিউলের সক্ষমতা বাড়িয়ে
তুলবে। এছাড়া এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড আত্মরক্ষা ক্ষমতা বাড়াবে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর
কোরিয়ার বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও কিম জং-উনের রাশিয়া সফরের মধ্যে
এ বিক্রির খবর এল।










