কৃ্ষ্ণ সাগরে ইউক্রেন কথিত ‘মানবিক
করিডোর’ পাড়ি দিয়েছে দুটি পণ্যবাহী জাহাজ। জাতিসংঘ সমর্থিত শস্য রফতানি চুক্তি থেকে
রাশিয়া সরে আসার পর এ অঞ্চলে সম্প্রতি রফতানি অচল অবস্থা শুরু হয়। গতকাল শনিবার (২
সেপ্টেম্বর) জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
খবর রয়টার্স।
ইউক্রেনের একজন উপ-প্রধানমন্ত্রী জানান,
পণ্যবাহী জাহাজ দুটি গত শুক্রবার পিভডেনি বন্দর থেকে ছেড়ে গেছে। এর মধ্যে একটি লাইবেরিয়ার
ও অন্যটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী।
তবে জাহাজ দুটি কখন ‘মানবিক করিডোর’
পার হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। জেলেনস্কি বলেন, ‘আমরা কৃষ্ণ সাগরে নৌ
চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করছি।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের
পর দেশটির নৌ বন্দরগুলো অবরোধ করে মস্কো। এরপর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ
সাগর শস্যচুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন।
কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর সম্প্রতি
ক্রেমলিন বেঁকে বসে। তারা নিজেদের স্বার্থের অনুকূলে থাকা কিছু শর্ত ছাড়া সামনে না
এগোনোর কথা বলছে। বর্তমানে এ নিয়ে আবারো কাজ করছে জাতিসংঘ ও তুরস্ক। এমন পরিস্থিতিতে
গত মাসে ‘মানবিক করিডোর’-এর ঘোষণা দেয় ইউক্রেন।
ওই সময় ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র ওলেহ চালিক বলেছেন, করিডোরটি
সম্পূর্ণ মানবিক ও বেসামরিক কাজে ব্যবহৃত হবে। জাহাজে ক্যামেরা বসিয়ে পরিবহনের স্বচ্ছতা
বজায় রাখা হবে।










