আতর্কিত রকেট হামলার পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে অভিযানও চালায় গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ওই সময় তারা ইসরায়েলের নাগরিকদের জিম্মি করে নিয়ে আসে। এ সংখ্যা শতাধিক বলে জানিয়েছে হামাস। খবর আলজাজিরা।

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ইসরায়েলে হামলার পর ১০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছে।

গতকাল রোববার (৮ অক্টোবর) আরবী সংবাদমাধ্যম আল-গাদকে এ মন্তব্য করেন মূসা আবু মারজুক। তিনি বলেন, আটকদের মধ্যে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

এছাড়া আরেকটি পক্ষ ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ জানায়, তাদের হাতে ৩০ জনেরও বেশি বন্দি রয়েছে।

হামাস যোদ্ধাদের নিয়ে আসা বন্দিদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে। এর আগে বন্দিদের সংখ্যা নিয়ে অস্পষ্টতা ছিল। তবে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ১৫০ এর কাছাকাছি হতে পারে।

গত শনিবার ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর গতকালও পাল্টাপাল্টি তীব্র হামলা চালিয়েছে উভয় পক্ষ। দুই দিন ধরে চলা সংঘাতে উভয়পক্ষে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। এর মধ্যে সাত শতাধিক ইসরায়েলি এবং চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। পৃথকভাবে উভয় পক্ষেই আহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ইসরায়েলে নিহতদের মধ্যে ৪৪ জন সেনাসদস্য।