নিজ দলের বিদ্রোহী আইনপ্রণেতাদের উত্থাপিত অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। এরমাধ্যমে মার্কিন রাজনীতির ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো স্পিকার অনাস্থা ভোটে হেরে স্পিকারের পদ হারিয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কেভিন ম্যাকার্থি অনাস্থা ভোটে ২১৬-২১০ ব্যবধানে হেরে সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে রিপাবলিকানদের নেতৃত্ব ও স্পিকারের দায়িত্ব হারিয়েছেন। খবর বিবিসি।
গণমাধ্যমটি জানায়, গত শনিবার ‘মার্কিন সরকারকে শাটডাউন থেকে বাঁচাতে’ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন সিনেটের সঙ্গে একটি চুক্তি করেন রিপাবলিকান নেতা ও স্পিকার কেভিন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটলো। রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গায়েটস অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখতে হোয়াইট হাউজের সঙ্গে স্পিকার ম্যাকার্থি গোপন চুক্তি করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে ম্যাকার্থি জানিয়েছেন, তিনি পুনরায় স্পিকার হতে কংগ্রেসের ভোটাভুটিতে অংশ নেবেন না। এছাড়া যে ম্যাট গায়েটস তার বিরুদ্ধে অনাস্থা ভোট এনেছেন— তার সমালোচনা করেছেন তিনি। ম্যাকার্থি দাবি করেছেন, ম্যাট গায়েটস মানুষের নজর পাওয়ার জন্য ও ব্যক্তিগত আক্রোশ থেকে এটি করেছেন। এরসঙ্গে অর্থায়নের কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ১৫ রাউন্ড ভোটাভুটির পর স্পিকার হয়েছিলেন কেভিন ম্যাকার্থি। কিন্তু নিজ দলের অন্তর্দ্বন্দ্বে আবার এই পদ হারিয়েছেন তিনি।










