লেবাননে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তার কারণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কুয়েত। বিশেষভাবে সৌদি তার নাগরিকদের লেবাননের সশস্ত্র সংঘর্ষের এলাকা এড়িয়ে চলার ও দ্রুত লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। খবর রয়টার্স।
লেবাননে থাকা সৌদি দূতাবাস এক্স প্লাটফর্মে সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে। অন্যদিকে লেবাননে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার এবং নিরাপত্তা বিঘ্ন এলাকাগুলো এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে পরামর্শ দিয়েছে কুয়েত। এছাড়া যুক্তরাজ্য তার ভ্রমণনীতিও পরিবর্তন করেছে। অতি প্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল-হিলওয়েহ শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য।
রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৯ জুলাই লেবাননের দক্ষিণ দিকে ফিলিস্তিনিদের আইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরে ফাতাহ ও অন্যান্য সশস্ত্র দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে। যাদের সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য।
ফিলিস্তিনের শরণার্থীদের জন্য, আইন এল-হিলওয়েহ লেবাননের ১২টি ফিলিস্তিনি শিবিরের মধ্যে সবচেয়ে বড়। লেবাননে অবস্থানরত আড়াই লাখ ফিলিস্তিনি শরণার্থীর মধ্যে অন্তত ৮০ হাজারের বাস এ শিবিরে। লেবাননের চলমান সংঘর্ষ পরিস্থিতিতে সৌদি আরবসহ অন্যান্য দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে তারা তাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ভ্রমণ নিরাপত্তা পরামর্শ জারি করেছে।










