একুয়েডরে অপহৃত পৌর কাউন্সিলরের হত্যার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ডুরান শহরের কাউন্সিলর বলিভার ভেরাকে হাত বাঁধা ও রক্তাক্ত কাপড় অবস্থায় পাওয়া যায়। তার বুকে ও মুখে একাধিকবার গুলি করা হয়েছিল। খবর আল জাজিরা।

ডানপন্থী সোশ্যাল ক্রিশ্চিয়ান পার্টির বলিভার ভেরা দেশটিতে ক্রমবর্ধমান অপরাধের হার মোকাবেলায় ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট গুইলারমো লাসো প্রশাসনের সমালোচনা করেছিলেন। সাম্প্রতিক সময়ে একুয়েডরে সহিংস মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত প্রায় ৩ হাজার ৫৬৮টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৫ শতাংশ বেশি।

দেশটিতে ২০২২ সালে ৪ হাজার ৬০৩টি সহিংস মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিদিন গড়ে প্রায় ১২ দশমিক ৬টি হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে তথ্য উঠে এসেছে। এছাড়া একুয়েডরের কারাগার নিয়ন্ত্রণের জন্য গ্যাংগুলো লড়াই করার সময় ২০২০ ডিসেম্বর থেকে ২০২২ মে পর্যন্ত ৩৯০ জন হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

ইকুয়েডরের দুর্বল অর্থনীতি ও কভিড-১৯ মহামারীর প্রভাব গ্যাং সহিংসতা বাড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন। দেশটির দারিদ্র সামাজিক নিরাপত্তাহীনতার মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়, যার ফলে তরুণরা অপরাধী দলে যোগ দিচ্ছে। ১৫ই অক্টোবরের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অপরাধ একটি কেন্দ্রীয় নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে। ফলে প্রার্থীরা প্রচারের সময় বুলেটপ্রুফ ভেস্ট পরতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি বেশ কয়েকটি হাই-প্রফাইল রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, যা দেশটির পরিবেশে আরো সহিংসতায় অবদান রেখেছে।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) আসন্ন নির্বাচনে সহিংসতার প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি নির্বাচনী কর্তৃপক্ষের সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। ডুরানের মেয়র রাজনৈতিক ব্যক্তিত্বদের সুরক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ার জন্য রাষ্ট্রপতি লাসোর সমালোচনা করেছেন ও তিনদিনের শোকের আহ্বান জানিয়েছেন।