১৩০ বছরের ইতিহাসে সবচেয়ে দেরিতে তুষারপাত দেখা গেল জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজিতে। বুধবার (৬ নভেম্বর) এ বছর প্রথম তুষারপাত দেখা গেছে। জাপানবাসীরা সবচেয়ে গরম গ্রীষ্মকালগুলোর একটি পার করেছে এবার। এ কারণে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তার চেয়ে মাসখানেক দেরিতে তুষারপাত হলো। খবর বিবিসি।
জাপানের সর্বোচ্চ শৃঙ্গে তুষারপাতের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাউন্ট ফুজির ধুসর-শুভ্র বর্ণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্বাগত জানিয়েছেন। মাউন্ট ফুজির শৃঙ্গের তুষারাবৃত ছবি এর পর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন মন্তব্য করেন, ‘ওহ! আমিতো এর জন্যই অপেক্ষা করছিলাম!’ আরেকজন লিখেছেন, ‘বছরের প্রথম তুষারপাতের জন্য এতটা উত্তেজিত আমি আগে কখনো হইনি।’ অন্য একজন লিখেছেন, ‘অবশেষে... মেকআপ তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে।’
জাপানের আবহাওয়া অধিদপ্তরের শাখা শিযুওকা বুধবার (৬ নভেম্বর) প্রথম তুষারপাত দেখতে পায়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) কোফুতে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় আনুষ্ঠানিকভাবে মাউন্ট ফুজির চূড়ায় তুষারের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। মেঘের কারণে বুধবার কাজটি করা সম্ভব হয়নি।
বিবিসি জানিয়েছে, এর আগে ২০২৩ সালের ৫ অক্টোবর ফুজির চূড়ায় তুষারপাত দেখা গেছে। ফলে জাপানের সর্বোচ্চ শৃঙ্গে এবার তুষারপাত বেশ দেরিতে দেখা গেল। কারণ, ১৯৫৫ ও ২০১৬ সালে দেরিতে তুষারপাত হয়েছিল। আর তা ছিল ২৬ অক্টোবর।
মাউন্ট ফুজি জাপানের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণগুলোর মধ্যে একটি। তাছাড়া এটি বহু শতাব্দীর শিল্পকর্মকে অনুপ্রাণিত করেছে। টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাউন্ট ফুজির উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার (১২ হাজার ৪৬০ ফুট)। সর্বশেষ ৩০০ বছর আগে অগ্ন্যুৎপাত হয়েছিল।










