কোনো অবৈধ বালু মহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করা যাবে না। কেউ যদি এ ধরনের কাজে লিপ্ত থাকে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী মার্চেই এখানের বিভিন্ন রাস্তার উন্নয়নকাজ শুরু হবে। চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে নবনির্মিত উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু করা হবে এবং নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধিজনের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মন্ত্রী বলেন, আমি আপনাদের বলেছিলাম, আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন, আমি ১৩ ফেব্রুয়ারি থেকে আপনাদের জন্য কাজ শুরু করব। নির্বাচনের সময় আমার দেয়া সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।










