ফেন্টানাইল উৎপাদনে রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে চীনের ২৫ কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে চীনের ১২টি কোম্পানি ও ১৩ জন ব্যক্তি। এর পাশাপাশি কানাডার দুটি সংস্থা ও একজন ব্যক্তিও তালিকায় রয়েছেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সাংবাদিকদের বলেছেন, আমরা জানি কারা মার্কিন জনগণকে ফেন্টানাইল দিয়ে বিষ প্রয়োগ করছে।
প্রসঙ্গত, ফেন্টানাইল হচ্ছে একটি শক্তিশালী ব্যথানাশক বা নিরাময়কারী যা মরফিনের মতো কাজ করে। এটি অতিরিক্ত সেবনে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। ২০২২ সালে এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যুর জন্য দায়ী ছিল এই ধরনের ওষুধ।
তবে এই নিষেধাজ্ঞার সমালোচনা করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, চীনা কোম্পানি ও প্রতিষ্ঠানের ওপর এমন নিষেধাজ্ঞায় আমরা নিন্দা জানাচ্ছি। চীন সরকার বরাবরই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। চাপ ও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের নিজস্ব সমস্যার সমাধান করতে পারে না। এটি শুধুমাত্র মাদক নিয়ন্ত্রণে চীন-মার্কিন সহযোগিতায় বাধা সৃষ্টি করবে।










