ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে এক অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তার গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। স্থানীয় এক বারে গতকাল বুধবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

সিবিএস লস অ্যাঞ্জেলসের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় শেরিফ। তিনি জানান, ঘটনাস্থলে একাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। রয়টার্সের পাঠানো প্রশ্নে কোনো মন্তব্যও করেননি।

কুকস কর্নার নামে একটি বাইকার্স বারে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ডেপুটির গুলিতে আহত হন ওই সাবেক কর্মকর্তা। তবে তার পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য মেলেনি।