ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। এতে আহত হয়েছে দেড় সহস্রাধিক। খবর বিবিসি ও রয়টার্স।

গতকাল সকালে হামাসের এক আকস্মিক হামলায় প্রাণ হারায় ৪০ ইসরায়েলি। এতে আহত হয় আরো ৭৫০ জন। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় প্রায় ২০০ ফিলিস্তিনি। আহত হয়েছে আরো এক হাজারের বেশি মানুষ।

গাজার নিকটবর্তী বেশ কয়েকটি ইসরায়েলি শহর ও সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‌আমাদের শত্রুকে এমন এক মূল্য দিতে হবে, যা তারা কখনো জানত না। আমরা একটি যুদ্ধে আছি এবং আমরা এটি জিতব।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজায় ১৯৮ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।