ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আলাস্কায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত দেড়টা) আঙ্কোরেজের এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে দুই নেতার বৈঠক নির্ধারিত রয়েছে। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান অবতরণ করে প্রথমে। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ। কিছুক্ষণ পরই পুতিনের বিমান অবতরণ করে। লাল গালিচা বিছানো পথে নিজ নিজ উড়োজাহাজ থেকে নেমে মাঝপথে মিলিত হন তারা। করমর্দন ও সৌজন্য বিনিময়ের পর হাসিমুখে ফটোসাংবাদিকদের সামনে পোজ দেন দুই নেতা।