গাজায় চলমান যুদ্ধবিরতির অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হামাসকে সতর্ক করে বলেছেন যে, স্থানীয় সময় শনিবার দুপুরের মধ্যে তাদের জিম্মিদের ফিরিয়ে দেয়া না হলে গাজায় যুদ্ধবিরতি শেষ হবে এবং পুনরায় শুরু হবে তীব্র লড়াই। খবর বিবিসি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার চার ঘণ্টার বৈঠকের পর নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেছেন যে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে স্বাগত জানান।

তিনি আরো বলেন, হামাসের ঘোষণা অনুযায়ী, তারা চুক্তি লঙ্ঘন করার এবং আমাদের জিম্মিদের মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নেয়ায়, গত রাতে আমি আইডিএফকে (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) গাজার ভেতরে এবং চারপাশে বাহিনী সমাবেশের নির্দেশ দিয়েছি। এই কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছে এবং খুব শিগগিরই সম্পন্ন হবে।

নেতানিয়াহু তখন বলেন, হামাস যদি শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হবে এবং আইডিএফ চূড়ান্তভাবে হামাসকে পরাজিত না করা পর্যন্ত তীব্র লড়াই আবার শুরু করবে।

হামাসের হাতে বন্দি বাকি ৭৬ জন জিম্মির সবাইকে মুক্তির দাবি করছেন, নাকি শুধুমাত্র এই শনিবার মুক্তি পাওয়ার কথা থাকা তিনজনের ব্যাপারে বলেছেন— তা স্পষ্ট করেননি নেতানিয়াহু। তবে ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন, নেতানিয়াহুর কথার অর্থ হচ্ছে, সবাই।

হামাস এর প্রতিক্রিয়ায় বলেছে যে, তারা যুদ্ধবিরতির চুক্তিতে অটল রয়েছে এবং ইসরায়েল যেকোনো জটিলতা বা বিলম্বের জন্য দায়ী।

গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে, যার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার বিষয়টিও। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।

এই সপ্তাহে নির্ধারিত বন্দিদের মুক্তি বিলম্বিত করার ব্যাপারে হামাসের সিদ্ধান্তের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন যে, ইসরায়েল যেন চুক্তিটি সম্পূর্ণ বাতিল করে এবং গাজায় ‘নরক ভেঙে পড়তে দেয়’, যদি না সব জিম্মিকে শনিবারের মধ্যে ফেরত দেয়া হয়।