যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মোট ৫ হাজার ৭০ জন শ্রমিক নিহত হয়েছেন। ইউএস বুর‍্যো অব লেবার স্ট্যাটিটিকসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে দেখা যায়, নিহতদের মধ্যে ট্রাকচালক ও নির্মাণশ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি। খবর ফক্স নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মোটরযানচালকদের সঙ্গে সংশ্লিষ্ট পেশায় ১ হাজার ১৮টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ভারি ট্রাক ও ট্র্যাক্টর-ট্রেইলার ট্রাকচালক ৭৯৮ জনের মৃত্যু হয়েছে, যা এ খাতে সবচেয়ে বেশি। দেশটিতে ২০২৩ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা ছিল ৫ হাজার ২৮৩ জন।

যুক্তরাষ্ট্রে মোটরচালিত স্থলযানের সঙ্গে সড়ক দুর্ঘটনা ২০২৪ সালে ৮ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৬ টিতে, ২০২৩ সালে যা ছিল ১ হাজার ২৫২টি। তবে মোটরযানের সঙ্গে পথচারীর দুর্ঘটনা ১৯ শতাংশ বেড়ে ২০২৪ সালে ৩৬৯টিতে দাঁড়িয়েছে, আগের বছর যা ছিল ৩১০টি।

নির্মাণ খাতে কর্মরত শ্রমিকদের মধ্যে ২০২৪ সালে প্রাণঘাতী দুর্ঘটনার সংখ্যা ছিল ৭৮৮। এছাড়া ভূমি ও পরিবেশ রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে ২৩৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, কর্মক্ষেত্রে মৃত্যুর উল্লেখযোগ্য অংশই ঘটেছে হত্যা ও আত্মহত্যাজনিত কারণে। ২০২৪ সালে হত্যাকাণ্ডে নিহত হয়েছেন ৪৭০ জন এবং আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন ২৬৩ জন কর্মী। এছাড়া মাদক ও অ্যালকোহল অতিরিক্ত সেবনের কারণে ২০২৪ সালে কর্মক্ষেত্রে মৃত্যু হয়েছে ৪১০ জনের।

বুর‍্যো অব লেবার স্ট্যাটিটিকস জানিয়েছে, ২০২৪ সালে প্রাণঘাতী দুর্ঘটনা কমার পেছনে মূল ভূমিকা রেখেছে ক্ষতিকর পদার্থ বা অস্বাস্থ্যকর অথবা ঝুঁকিপূর্ণ পরিবেশজনিত মৃত্যুর হার কমে যাওয়া। এ ধরনের ঘটনায় মৃত্যু ২০২৩ সালের ৮২০ থেকে ২০২৪ সালে কমে ৬৮৭ জনে নেমে এসেছে। এর মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশই ছিল মাদক বা অ্যালকোহল অতিরিক্ত সেবনজনিত মৃত্যু। ২০২৪ সালে মাদক বা অ্যালকোহলের অতিরিক্ত সেবনের কারণে মৃত্যু হয়েছে ৪১০ জনের, ২০২৩ সালে যা ছিল ৫১২ জন।

প্রতিবেদন অনুযায়ী, বন, সংরক্ষণ ও কাঠশিল্প সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে ২০২৪ সালে প্রাণঘাতী দুর্ঘটনার সংখ্যা ছিল ৫৩। অন্যদিকে মাছ ধরা ও শিকারসংক্রান্ত পেশায় কর্মরতদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের।