ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আল-জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়। এ ছাড়া, কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দেয় ইরান। দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ও ইসরায়েলি সম্পদ ও স্বার্থ ইরানের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

তিনি আরো বলেন, ইসরায়েল কী আসতে চলেছে তার জন্য প্রস্তুতি নিক। আমাদের জবাব হবে প্রকাশ্য এবং এতে কোনো রেড লাইন বা সীমারেখা থাকবে না। এ আগ্রাসনের পর সবকিছুই সম্ভব, এমনকি এমন সব দৃশ্যপটও তৈরি হতে পারে যা আগে কখনো ভাবা হয়নি।

ওই কর্মকর্তা বলেন, আমাদের কাছে অত্যন্ত জটিল ও বহুমুখী পাল্টা আক্রমণের পরিকল্পনা রয়েছে, যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আজ সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এ অভিযানের কথা নিশ্চিত করেন। তারা এটিকে 'পূর্ব-নির্ধারিত হামলা' বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।