ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলার
ঘটনায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তির ফাঁসি কার্যকর হয়েছে। ২০১৬ সালের ওই হামলায় নিহত
হন ৩২৩ মানুষ। আহত হন আরো শতাধিক। খবর বিবিসি।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের
আক্রমণের পর এটি ইরাকে সবচেয়ে ভয়াবহ হামলা। ওই সময় ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) ঘটনার
দায় স্বীকার করে।
দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া
আল-সুদানির কার্যালয় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা কখন সাজা ঘোষিত হয়েছিল তা স্পষ্ট
করে জানায়নি। তবে গত রোববার (২৭ আগস্ট) ও গতকাল সোমবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়
বলে জানিয়েছে।
একটি সরকারি সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের
মধ্যে একজন গাজওয়ান আল-জাওবাই। যাকে এ হামলার পেছনে আইএসের মূল পরিকল্পনাকারী হিসেবে
ধরা হয়েছিল।
প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের পরিবারকে
অবহিত করেছেন যে ওই সন্ত্রাসী হামলায় জড়িত তিন প্রধান অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর
করা হয়েছে।
২০১৬ সালের ৩ জুলাই রাজধানীর শিয়া
অধ্যুষিত কাররাদায় এক জনাকীর্ণ শপিং সেন্টারের পাশে এ গাড়ি বোমা হামলা চালানো হয়।
বিস্ফোরণের পর ভবনে আগুন ছড়িয়ে পড়লে
অনেক মানুষ নিহত হয়। ওই ঘটনার পর ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাবান পদত্যাগ
করেছিলেন।










