হুমকির মুখে কোন আলোচনা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনার যা ইচ্ছা তাই করুন। মঙ্গলবার (১১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানকে উদ্ধৃত করে জানিয়েছে , আমরা এটা মেনে নিতে পারি না যে, তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) আমাদের শুধু আদেশ এবং হুমকি দেবে। এমনকি আমি আপনার (ট্রাম্প) সঙ্গে আলোচনাও করব না। আপনি যা ইচ্ছা করতে পারেন।
ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে ট্রাম্পের চিঠি দেওয়ার একদিন পর গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, আলোচনায় তেহরানকে হুমকি দেওয়া হবে না।
তেহরানের সঙ্গে চুক্তির প্রতি আগ্রহ প্রকাশের পাশাপাশি ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে এবং তাদের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে 'সর্বোচ্চ চাপ' প্রচারণা পুনরায় শুরু করেছেন।
গত সপ্তাহে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে সামলানোর দুটো উপায় রয়েছে, হয় সামরিকভাবে, নয়তো আপনি একটি 'চুক্তি করুন', যেন তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।
এদিকে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে। তবে, তারা ‘নাটকীয়ভাবে’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ত্বরান্বিত করছে, যা প্রায় ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড স্তরের কাছাকাছি বলে সতর্ক করেছে আইএইএ।















