‘মাদক সম্রাট’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এল চ্যাপো গুজমানের ছেলে ওভিডিও গুজমান-লোপেজকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দিয়েছে মেক্সিকো সরকার। তার বিরুদ্ধে দেশটিতে মাদক পাচারের অভিযোগ রয়েছে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানায়, ওভিডিও ছাড়াও এল চ্যাপোর আরেক ছেলেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে মার্কিন পুলিশ। বাবা এল চ্যাপোর প্রতিষ্ঠিত শক্তিশালী সিনালোয়া মাদকচক্রের সঙ্গে যুক্ত তারা।

ওভিডিওর বিরুদ্ধে একজন গায়ককে হত্যার নির্দেশের অভিযোগও রয়েছে।

গত জানুয়ারিতে তাকে মেক্সিকোর সিনালোয়া রাজ্য থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন ওভিডিও।

ফেরত আনার প্রতিক্রিয়ায় মাদক কারবারের বিরুদ্ধে মার্কিন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। ওভিডিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করায় মেক্সিকান প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

সিনালোয়া মাদকচক্রের নেতৃত্ব দেয়ার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বিশেষায়িত জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছেন এল চ্যাপো।

সম্প্রতি এল চ্যাপোর ৩৩ বছর বয়সী স্ত্রী এমা করোনেল যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে ২০২১ সালে মাদক পাচারের অভিযোগ আনা হয়। এমার মুক্তির দুইদিন পরই ওভিডিওকে যুক্তরাষ্ট্রে ফেরত আনার খবর পাওয়া যায়।