ব্রাজিলের অ্যামাজোনাস অঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ভেতরে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার পর্যটন শহর বার্সেলোসে অবতরণের সময় ছোট আকারের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বৈরী আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

অ্যামাজোনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেন, ‘‌বার্সেলোসে নিহত ১৪ জনের মধ্যে ১২ জন যাত্রী আর দুজন ক্রু। এ দুর্ঘটনায় আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, উড়োজাহাজটি যখন বার্সেলোসের আকাশসীমায় পৌঁছায়, তখন ভারি বৃষ্টি হচ্ছিল। প্রবল বৃষ্টির মধ্যে কিছু দেখতে না পেয়ে পাইলট ভুল করে রানওয়ের মাঝখানেই অবতরণ শুরু করেন। ওই সময় রানওয়ে পেরিয়ে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। নিহত যাত্রীদের সবাই ব্রাজিলের নাগরিক বলে জানা গেছে।

দুই ইঞ্জিনের ইএমবি-১১০ উড়োজাহাজটি ব্রাজিলের প্রতিষ্ঠান এমব্রায়েরের তৈরি। অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে উড়োজাহাজটি বার্সেলোসের দিকে রওনা হয়েছিল। এটি প্রায় ৯০ মিনিটের ফ্লাইট।