কয়েক সপ্তাহ
ধরে প্রকাশ্যে
দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অন্তত কয়েক সপ্তাহ ধরেই নিখোঁজ তিনি। এমনকি ভিয়েতনামের সঙ্গে
পূর্বনির্ধারিত একটি রাষ্ট্রীয় বৈঠকও তার অনুপস্থিতির জন্য বাতিল করা হয়।
সম্প্রতি চীনের
সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর
এ ঘটনার দিনকয়েক পরেই তাকে সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এবার দেশটির
প্রতিরক্ষামন্ত্রীর অন্তর্ধানের পর তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে কিনা,
এ নিয়ে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
রয়টার্স
জানাচ্ছে,
গত ৭-৮ সেপ্টেম্বর ভিয়েতনামের সঙ্গে একটি বৈঠকে বসার কথা ছিল
চীনা প্রতিরক্ষামন্ত্রীর। তবে অনুষ্ঠানের আগে তা বাতিল করা হয়। ভিয়েতনামের পক্ষ
থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, হঠাৎই মন্ত্রীর স্বাস্থ্য জটিলতার কথা উল্লেখ করে বৈঠকটি বাতিল করে চীনা কর্তৃপক্ষ। অবশ্য বিষয়টি
নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমের অনুরোধে সাড়া দেয়নি চীন।
যোগাযোগ করা যায়নি চীনে ভিয়েতনামের দূতাবাসের সঙ্গেও।
সম্প্রতি চীনা
পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের উধাও হওয়ার ঘটনা এবং এর পরই দায়িত্ব থেকে তাকে অব্যাহতির ঘোষণা ছাড়াও পিপলস লিবারেশন আর্মির এলিট রকেট ফোর্সের
নেতৃত্বে বড় ধরনেই পরিবর্তন ইত্যাদি ঘটনা কূটনীতি বিশ্লেষকদের মধ্যে প্রশ্নের জন্ম
দিচ্ছে। এর আগে যখন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের অন্তর্ধান নিয়ে প্রশ্ন ওঠে,
তখনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এর
কারণ স্বাস্থ্যগত। এবারও লি শাংফুর অন্তর্ধান নিয়ে একই ব্যাখ্যা দেয়ায় রহস্য আরো
ঘণীভূত হচ্ছে।
লি শাংফু গত
মার্চে চীনা প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান। কিন গ্যাংয়ের মতো তিনিও চীনের পাঁচজন
স্টেট কাউন্সিলরের একজন, এই পদটি মূলত একজন সাধারণ মন্ত্রীর
চেয়ে বেশি উচ্চতর। একের পর এক কর্মকর্তার নিখোঁজ হওয়ার বিষয়ে জাপানে নিযুক্ত
মার্কিন কূটনীতিক রাহম ইমানুয়েল ‘এক্স’ হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছিলেন,
প্রথমে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হলেন, এরপর রকেট ফোর্স কমান্ডাররা। আর এখন দুই সপ্তাহ ধরে প্রতিরক্ষামন্ত্রী
লি শাংফুকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। চাকরি হারানোর এই দৌড়ে
কে জিতবে?
এদিকে নাম
প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ভিয়েতনামের সঙ্গে লি শাংফুর বৈঠক যে বাতিল করা হবে, তা আগেই জানত।










