অরুণাচল প্রদেশ ফের নিজেদের দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। একই সঙ্গে আকসাই চিন’ নামে লাদাখ-সংলগ্ন যে ভূখন্ডটিকে ভারত নিজেদের বলে দাবি করে থাকে সেটিও চীনের এ নতুন মানচিত্রে জায়গা করে নিয়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ আগস্ট) এ মানচিত্র প্রকাশ করেছে চীন। এ ঘটনার পরের দিন মঙ্গলবার (২৯ আগস্ট) কড়া প্রতিক্রিয়া জানিয়ে চীনের এমন দাবি প্রত্যাখান করেছে নয়াদিল্লি। খবর রয়টার্স।

চীনের নতুন মানচিত্র : ছবি ইন্ডিয়া টিভি

গণমাধ্যমটি বলছে, ২০২৩ সালের ‘স্ট্যান্ডার্ড ম্যাপে’ অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করেছে শি জিনপিংয়ের সরকার। অতীতেও ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিল বেইজিং। নতুন যে মানচিত্রটি প্রকাশ করেছে চীন, তাতে অরুণাচলের পাশাপাশি রয়েছে আকসাই চীন, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর। গত ২৮ আগস্ট মানচিত্রটি প্রকাশ্যে এনেছে চীনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’। চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছে বলে দাবি করে বেইজিং। যদিও চীনের সেই দাবি অস্বীকার করে ভারত।

চীনের প্রকাশিত নতুন মানচিত্র

এর আগে অরুণাচলের ১১টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলো দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছিল চীন। এমনকি চীনের পক্ষ থেকে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়েছিল। যদিও ভারত তা অস্বীকার করে।

তবে নতুন মানচিত্র প্রকাশের কয়েক ঘণ্টার ভেতরেই দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এনডিটিভি-কে বলেন, ‘কেউ একটা আজগুবি দাবি করলেই অন্যের ভূখন্ড তার হয়ে যায় না! এটিকে চীনের ‘পুরনো একটা বদভ্যাস’ বলেও বর্ণনা করেছেন তিনি।