ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে বুধবার ৩৩ ডিগ্রি সেলসিয়াস (৯১ দশমিক ৪ ফারেনহাইট) রেকর্ড পরিমাণ তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে। আগস্টের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এ তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার আঞ্চলিক পরিবেশ সুরক্ষা সংস্থা (এআরপিএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
১৭৬৩ সালে মিলানো ব্রেরা আবহাওয়া কেন্দ্র তাপমাত্রা রেকর্ড করা শুরু করে। এর পর থেকে এটিই ছিল সবচেয়ে উষ্ণতম দিন। মিলানের পূর্ববর্তী রেকর্ড ২০০৩ সালের ১১ আগস্ট তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ সেলসিয়াস। ইতালির রাজধানী রোমে জুলাইয়ে সর্বোচ্চ ৪১ দশমিক ৮ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ গ্রীষ্মে দক্ষিণ ইউরোপের বেশির ভাগ অংশে দাবানল জ্বলছে। ফলে অঞ্চলগুলোর সরকারপ্রধানরা স্বাস্থ্য সতর্কতা জারি করতে বাধ্য হন এবং অনেক পর্যটকের ছুটিতে ব্যাঘাত ঘটে।
এআরপিএ একটি বিবৃতিতে বলেছে, ২৩-২৪ আগস্ট মিলানের লোমবার্ডি অঞ্চলে গ্রীষ্মের সবচেয়ে উষ্ণতম দিন ছিল। বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। ইতালির আল্পসেও তীব্র ও অস্বাভাবিক তাপমাত্রা রয়েছে। যদিও তাপপ্রবাহ শেষ হতে চলেছে। প্রবল বজ্রসহ ঝড়ের কারণে এবং পরের সপ্তাহের শুরুতে তাপমাত্রা ১০-১৫ ডিগ্রি সেলসিয়াস কমবে।










