গত ২৪ ঘণ্টায় ২৮টি বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট। খবর তাসনিম নিউজ।
আজ বুধবার (১৮ জুন) দেশটির সেনাবাহনীর পক্ষ থেকে জানানো হয়, ভূপাতিত করা এই সামরিক যানগুলোর মধ্যে ইসরায়েলের একটি উন্নতমানের ‘হার্মিস ৯০০ কোচাভ’ ড্রোন রয়েছে। যেটি ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের আকাশে গুপ্তচরবৃত্তির সময় গুলি করে নামানো হয়। ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘অপারেশনাল কার্যক্রম চলাকালে একটি রিমোট-কন্ট্রোলড এয়ারক্রাফটের দিকে ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ডিভাইসটি ইরানের আকাশসীমায় পতিত হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তথ্যফাঁসের কোনো আশঙ্কা নেই।’










