রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলে একটি ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সময়ে আকাশপথে হামলা জোরদার হওয়ায় নিরাপত্তাজনিত কারণে অঞ্চলটিতে রাতে চলাচল করা ট্রেনের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। খবর রয়টার্স।
হামলায় ক্ষতিগ্রস্ত জাদুঘরটি ১৮৫৩–১৮৫৬ সালের ক্রিমিয়া যুদ্ধ স্মরণে নির্মিত। ওই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়েছিল।
সেভাস্তোপল প্রশাসনের গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে জানান, ড্রোন হামলার পর জাদুঘরের ছাদে আগুন ধরে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা—সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।
তিনি আরো লেখেন, ‘এর জন্য শত্রুকে মূল্য দিতে হবে।’
অন্যদিকে ক্রিমিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন হামলার কারণে কর্তৃপক্ষ রাতের ট্রেন চলাচলের সময়সূচি কমিয়ে দিয়েছে বলে জানান গভর্নর সের্গেই আকসিওনভ। সাম্প্রতিক হামলায় এক ট্রেনচালক আহত এবং তার সহকারী নিহত হওয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া।
এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যাত হয়।










