কাশির সিরাপ রফতানির আগে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে ভারত সরকার। আগামী ১ জুন থেকে বিদেশে পাঠানোর আগে প্রস্তুতকারকদের সরকার-অনুমোদিত পরীক্ষাগার থেকে সনদ নিতে হবে। খবর বিবিসি।

গাম্বিয়া ও উজবেকিস্তানে শিশু মৃত্যুর জন্য ভারতে তৈরি কাশির সিরাপকে দায়ী করা হয় সম্প্রতি। এর সূত্র ধরে দেশটির ওষুধ নীতিতে পরিবর্তন এল।

বিশ্বের এক-তৃতীয়াংশ এই জাতীয় সিরাপ সরবরাহ করে ভারত। সাম্প্রতিক বিতর্ক দেশটির ফার্মাসিউটিক্যাল শিল্পের ওপর চাপ সৃষ্টি করেছিল।

বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক দপ্তর থেকে অনুমোদন সম্পর্কিত বিজ্ঞপ্তিটি এসেছে। সেখানে বলা হয়, নমুনা পরীক্ষা সাপেক্ষে কাশির সিরাপ রফতানি অনুমতি দেয়া হবে।

নমুনা পরীক্ষার জন্য সারা দেশে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরীক্ষাগারগুলো ব্যবহৃত হবে।

এর আগে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছে, বিদেশে শিশুদের মৃত্যুর সঙ্গে যুক্ত থাকায় কাশির সিরাপ রফতানি নীতি পরিবর্তনের কথা বিবেচনা করছে ভারত।

গত মার্চে মেরিয়ন বায়োটেকের উৎপাদন লাইসেন্স বাতিল করে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর সঙ্গে বায়োটেকের সিরাপের সম্পর্ক পাওয়া গিয়েছিল।

এর আগে গত অক্টোবরে গাম্বিয়ায় শিশু মৃত্যুর জন্য ভারতে তৈরি চার কাশির সিরাপের বিষয়ে সতর্ক করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।