টোকিওর শিবুয়া ক্রসিং বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সংযোগস্থল। যেখানে পাঁচ দিক থেকে আসা ১০টি লেন একসঙ্গে মিলেছে। প্রতি মুহূর্তে ক্রসিংটি পার হয় শত শত গাড়ি। ব্যস্ততম এ স্থানের হ্যালোইন উৎসব নিয়ে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, আগামী ২৭-৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের শিবুয়া ক্রসিং থেকে দূরে থাকতে বলেছে।

জমজমাট স্থানটি হ্যালোইন ও নানা ধরনের উদযাপনের জন্য জনপ্রিয়। এবার যানজট ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতেই কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে।

শিবুয়া শহরের কর্মকর্তারা জানিয়েছে, হ্যালোইন উদযাপনের কারণে যান চলাচলে এতটাই বিঘ্ন সৃষ্টি হয় যে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

করোনার বিধি নিষিধের পর গত বছরের শেষ দিকে টোকিও নিজেদের সীমানা খুলে দেয়। এরপর থেকে মহামারীর আগের চেয়েও পর্যটকদের চলাচল বেড়েছে।

জাপানি তরুণদের কাছে হ্যালোইন এখন জনপ্রিয় উৎসব। তবে এর ভুতুড়ে অনুষঙ্গের চেয়ে মদ্যপানের আকর্ষণ তাদের কাছে বেশি প্রিয়।

শিবুয়া কর্তৃপক্ষের দেয়া বিজ্ঞপ্তিতে গত বছরের হ্যালোইন উদযাপনে দক্ষিণ কোরিয়ার সিউলে ঘটা বিপর্যয়ের কথা উল্লেখ করেছে। বলা হচ্ছে, যথাযথ ব্যবস্থা না নিলে বিপজ্জনক ভিড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে।

গত বছর সিউলের ট্রেন্ডি ইটাওয়ান পাড়ার সরু এক রাস্তায় হুড়োহুড়িতে ১৫৬ জন নিহত হন। অনুরূপ পরিস্থিতি এড়াতে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে শিবুয়া।