ইস্টারের ছুটির ঠিক আগে বড় আকারে ক্যান্ডি চুরির শিকার হয়েছে আন্তর্জাতিক চকোলেট ব্র্যান্ড কিটক্যাট। বিতরণকারীদের কাছে পাঠানোর পথে তাদের নতুন সিরিজের বড় একটি চালান চুরি হয়েছে। এতে গ্রাহকদের কাছে সরবরাহে ঘাটতি দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে চোরদের অসাধারণ স্বাদ বিচারের প্রশংসা করেছে কিটক্যাটের প্যারেন্ট কোম্পানি। খবর দ্য গার্ডিয়ান।

গত ২৬ মার্চ ইউরোপে ৪ লাখ ১৩ হাজার ৭৯৩ ইউনিট চকলেট চুরি হয়েছে। ওই ট্রাকে থাকা বারের ওজন ছিল প্রায় ১২ টন।

কিটক্যাটের প্যারেন্ট প্রতিষ্ঠান নেসলে নিশ্চিত করেছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহ চেইন অংশীদারদের সঙ্গে এ চুরির তদন্ত করছে তারা।

নেসলের বিবৃতিতে বলা হয়েছে, চুরি হওয়া ট্রাকটি মধ্য ইটালি থেকে পোল্যান্ডে যাচ্ছিল। এখনো পর্যন্ত ট্রাক ও চকলেট বার উদ্ধার করা যায়নি। ওই ঘটনায় কেউ আহত হননি।

নেসলের হাস্য-রসাত্মকভাবে এক বিবৃতিতে বলেছে, আমরা সবসময় মানুষকে কাজের মাঝে কিটক্যাটের সঙ্গে বিশ্রাম নেয়ার পরামর্শ দিই। কিন্তু মনে হচ্ছে, চোররা বার্তাটিকে অতিরিক্তভাবেই আমলে নিয়েছে। আমাদের ১২ টনের বেশি চকলেট বার নিয়ে তারা বিশ্রামে গেছে।

আরো বলা হয়েছে, আমরা চোরদের অসাধারণ স্বাদ বিচারকে প্রশংসা করি। কিন্তু সত্যিটা হলো, কার্গো চুরি ব্যবসার জন্য ক্রমবর্ধমান সমস্যা। নতুন নতুন কৌশলে নিয়মিত চুরি হচ্ছে। তাই আমরা আমাদের অভিজ্ঞতা জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে এই ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।

চুরি হওয়া বারগুলো কিটক্যাটের নতুন ফর্মুলা ওয়ান লাইনের অংশ ছিল, যা গত বছর কিটক্যাটকে অফিসিয়াল এফ১ চকলেট প্রস্তুতের পরিকল্পনার বাস্তবায়ন।

নেসলে সতর্ক করেছে, চুরি হওয়া কিটক্যাট বারগুলো যদি আনুষ্ঠানিক নয় এমন বাজারে চলে যায়, তখনো আইনশৃঙ্খলা বাহিনী ব্যাচ কোডের মাধ্যমে ট্র্যাক করতে পারবে। প্রতিটি চকলেট বারে নির্দিষ্ট ব্যাচ কোড বরাদ্দ করা হয়েছে।