কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় একটি রাশিয়ান ট্যাঙ্কার আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো। স্থানীয় সময় শুক্রবার রাতে কের্চ প্রণালিতে এ হামলার ঘটনা ঘটে। এতে জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় কেউ আহত হয়নি। তবে ইউক্রেন এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। খবর বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে গণমাধ্যমটি জানায়, ক্রিমিয়ান সেতুর কাছে একটি রাশিয়ান তেল ট্যাংকার ইউক্রেনীয় নৌ ড্রোনের হামলার শিকার হয়েছে। কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগার বলছেন, কাছাকাছি উপকূলীয় গ্রামের বাসিন্দারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলায় ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি টাগ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। জায়গাটি কের্চ প্রণালির ঠিক দক্ষিণে অবস্থিত।

কর্মকর্তা বলেন, হামলার পর ক্রিমিয়া সেতুর আলো বন্ধ করা হয়েছে। আসন্ন হামলার সতর্কতার মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।