ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলে বোমা হামলায় প্রায় ১৯৮ জন ফিলিস্তিন নাগরিক
নিহত হয়েছেন। হামাসের রকেট হামলায় ৪০ ইসরায়েলি নিহত হওয়ার পর এই পাল্টা হামলা চালায়
ইসরায়েল। খবর আল জাজিরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলার
শিকার হয়েছে হাসপাতালও। ইন্দোনশিয়ান একটি হসপিটালে হামলা হয়েছে। একজন নার্স ও এক অ্যাম্বুলেন্স
চালক নিহত হয়েছে।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস
কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও
বেশি রকেট হামলা করে। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন
৭৫০ জন।
এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের
নেতা মোহাম্মদ দায়েফ বলেছেন, আমরা ফিলিস্তিনিদের
রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা
চালিয়েছি।
বড় ধরনের এই রকেট হামলাকে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ হিসেবে ঘোষণা করে আল-ক্বাসাম ব্রিগেডপ্রধান বলেন, ‘আমরাই আগে হামলা চালিয়েছি।’
গাজা থেকে রকেট হামলা শুরুর ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে আছি,
কোনো অভিযান নয়, উত্তেজনা নয়, যুদ্ধ।
এরপরই গাজায় নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ
তাদের নিজস্ব সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে তারা এখন পর্যন্ত ১৭টি সেনা কম্পাউন্ড
আর হামাসের অপারেশনের চারটি হেডকোয়ার্টারে হামলা করেছে তারা। আইডিএফ জানিয়েছে তারা
এখন যুদ্ধাবস্থায় রয়েছে এবং কয়েক ডজন যুদ্ধ বিমান গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে
আকাশ পথে হামলা চালাতে যাচ্ছে।










