গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ সপ্তাহের অব্যাহত হামলায় নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু ও ৬ হাজার ২০০ জন নারী রয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তাদের উদ্ধৃত করে এমন খবর দিয়েছে আলজাজিরা।

এদিকে ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, সংঘাত কমে আসবে বলে মনে করেন তিনি। এছাড়া হতাহতের সংখ্যাও কমে যাবে বলে আশার কথাও জানান তিনি। তবে এজন্য আরো বেশি ‘‌সফল ইসরায়েলি অপারেশন’ প্রয়োজন। তার মতে, এটি হলেই বেসামরিকদের হতাহতের সংখ্যা কমে আসবে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট স্থগিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর এ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোট কার্যক্রম স্থগিত করার পরই নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। প্রস্তাবিত খসড়ার চিঠি এখনো সদস্য দেশগুলোর কাছে না পৌঁছানোয় গত মঙ্গলবার পর্যন্ত ভোট স্থগিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই ভোট কার্যক্রম স্থগিত করেছিল যুক্তরাষ্ট্রের ভেটো এড়ানোর জন্যই।

সংযুক্ত আরব আমিরাতের আনা খসড়া প্রস্তাবটির মাধ্যমে গাজায় সব জিম্মিদের নিঃশর্ত মুক্তির বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে নিন্দা জানানো হয়।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত ইসরায়েলি হামলায় আহত রয়েছেন অর্ধ লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।