ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হরোজা গ্রামে রুশ বিমান হামলায় এক শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সোয়া তিনটায় এক শেষকৃত্য অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

বেসামরিক বাসিন্দাদের ওপর রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আক্রান্ত এলাকায় নিজেদের কোনো সামরিক ঘাঁটি ছিল না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ এ হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন।

হামলায় প্রাণ হারানো সবাই একই গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন খারকিভের এ আঞ্চলিক নেতা। তিনি বলেন, পুরো গ্রামের ২০ শতাংশ বাসিন্দা এই হামলায় প্রাণ হারিয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এ হামলায় গ্রামটির প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।

গণমাধ্যম ইন্টারফ্যাক্স ইউক্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, শেষকৃত্য অনুষ্ঠানটি ছিল ইউক্রেনীয় এক সেনা সদস্যের। যেখানে তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।

হরোজা ইউক্রেনের কুপিয়ানস্ক জেলার একটি অংশ। গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি যুদ্ধের সম্মুখপ্রান্ত হিসেবে আক্রান্ত হয়। শুরুতে অঞ্চলটি রুশ বাহিনীর জন্য প্রধান সরবরাহ কেন্দ্র ছিল। কিন্তু কয়েক মাস যুদ্ধের পর ২০২২ সালের সেপ্টেম্বর পুনরুদ্ধার করে ইউক্রেন।