লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজারে দাঁড়িয়েছে। লিবিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষয়ক্ষতির এ মাত্রার জন্য লিবিয়ার দুর্বল অবকাঠামো ব্যবস্থাপনাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। দেশটির সতর্কতা ব্যবস্থার সমালোচনা করেছে জাতিসংঘও। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান পেটারি তালাস বলেছেন, বাসিন্দাদের সময়মতো স্থানান্তর করা হলে বেশিরভাগ হতাহতের ঘটনা এড়ানো যেত।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাব সৃষ্ট বন্যার তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশটিতে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। দুটি বাঁধ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ায় দেরনা জেলার জনসংখ্যার ওপর ভিত্তি করে নিহত ও নিখোঁজের তথ্য দেয়া হয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, এখনো অনেক মৃতদেহ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে এবং সাগরে ভেসে যাওয়া মৃতদেহের সংখ্যাও অনেক।