তার মতে, পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে, যা বৈশ্বিক প্রবৃদ্ধিতে বড় ধাক্কা দেবে।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যারি ফিংক বলেন, ‘ইরান যদি আঞ্চলিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে হুমকি হয়ে থাকে এবং হরমুজ প্রণালিতে অস্থিরতা বজায় থাকে, তাহলে তেলের দাম দীর্ঘ সময় ১০০ ডলারের ওপরে থাকতে পারে এবং তা ১৫০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে গভীর ও তীব্র বৈশ্বিক মন্দা দেখা দিতে পারে।

কয়েক সপ্তাহ আগেও ভিন্ন অবস্থান নিয়েছিলেন ব্ল্যাকরক প্রধান। সে সময় তিনি বলেছিলেন, যদি যুদ্ধের পর ইরানকে আন্তর্জাতিক বাজারে পুনরায় তেল রফতানির সুযোগ দেয়া হয়, তাহলে তেলের দাম যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে পারে, এমনকি ৫০ ডলারের নিচেও নেমে যেতে পারে। বিনিয়োগকারীদের বাজার থেকে বেরিয়ে না গিয়ে বরং বেশি বিনিয়োগের পরামর্শও দিয়েছিলেন তিনি।

বর্তমান অবস্থায় ফিংক দুই ধরনের সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রথমত, কূটনৈতিক সমাধানের মাধ্যমে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় যুক্ত হলে তেলের সরবরাহ বাড়বে এবং দাম কমে যেতে পারে। দ্বিতীয়ত, সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকবে এবং উচ্চমূল্য স্থায়ী হয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করবে।

ব্ল্যাকরক বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ প্রতিষ্ঠান, যার ব্যবস্থাপনায় প্রায় ১৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। বৈশ্বিক অর্থনীতির প্রবণতা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ল্যারি ফিংকের ভাষায়, বর্তমান পরিস্থিতির চূড়ান্ত ফলাফল কী হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমান বজায় রাখতে সাশ্রয়ী জ্বালানির কোনো বিকল্প নেই।

ফিংক সতর্ক করেন, যদি তেলের দাম দীর্ঘ সময় ব্যারেলপ্রতি ১৫০ ডলারের আশপাশে থাকে, তবে তা বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত ঝুঁকতে পারে দেশগুলো। তিনি বলেন, একক জ্বালানি উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্য আনা জরুরি।

তিনি আরো বলেন, জ্বালানির উচ্চমূল্য কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিস্তারেও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে। তাই সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।